সিরাজদিখানে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন টেটাবিদ্ধ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত দুইজন টেটাবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, বড়বর্তা এলাকার বাসিন্দা নজরুল ইসলামের পুকুরে কয়েকজন ব্যক্তি টেটা দিয়ে মাছ ধরছিলেন। এ সময় নজরুল ইসলামের ছেলে, ভাতিজা ও স্বজনরা সেখানে গিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে রায়হান (২১) নামে এক যুবক টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। একই ঘটনায় জোবায়ের শেখ (২২) নামের আরও একজন টেটার আঘাতে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ঠাকুর দাস, পরিমল দাস, নাগর দাসসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
অভিযুক্ত পরিমল দাস বলেন, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। বাড়ি থেকে ফোন পেয়ে ফিরে এসে বিষয়টি জানতে পারেন। তার ভাষ্য, নজরুল ইসলামের ছেলে ও ভাতিজারা তার ভাইয়ের ওপর হামলা করেছে এবং পূর্বেও তাদের মধ্যে বিরোধ ছিল।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







