সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত গোডাউন থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত প্লাস্টিক গোডাউনের ভেতর থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত আনুমানিক ৯টার দিকে গোদনাইল সৈয়দপাড়া ক্যানেল পাড় এলাকার বেলাল মসজিদের দক্ষিণ পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন গোডাউন এলাকা থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে অবহিত করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এসআই আশরাফুজ্জামান ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহটি আনুমানিক ২৮ বছর বয়সী এক পুরুষের। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৬ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।






