কোরবানির গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় কোরবানির গরু চুরি করতে গিয়ে মুরাদ (২২) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনাটি ঘটে বুধবার রাত আড়াইটার দিকে ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের দেওয়ান বাড়িতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী আব্দুল মতিন দেওয়ান কোরবানির জন্য একটি গরু কিনে বাড়িতে রাখেন। গভীর রাতে মুরাদসহ কয়েকজন চোর গরুটির বাঁধন খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ধাওয়া করলে ঘটনাস্থল থেকে মুরাদকে আটক করা হয়। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
গরুর মালিক আব্দুল মতিন দেওয়ান বলেন, রাত আড়াইটার দিকে ঘুম না আসায় তিনি জেগে ছিলেন। এ সময় তিনি গরু চুরির চেষ্টা দেখতে পান এবং ধাওয়া দিয়ে একজনকে আটক করেন।
আটক মুরাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তার সঙ্গে শরীফ, জমিস, রাহুল ও সাগরসহ আরও কয়েকজন জড়িত ছিল। সে আরও দাবি করে, ঘটনার কিছুক্ষণ আগে তারা পাশের একটি বাড়ি থেকে দুটি মোবাইল ফোনও চুরি করে এবং তারা নিয়মিত একসঙ্গে মাদক সেবন করত।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







