ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

ছবি: আগামীর সময়
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে উপজেলার খাড়াজোড়ার গোয়ালবাতান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি ব্রিজের ওপর।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ ও উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে গোয়ালবাতান এলাকা হামিম গ্রুপের একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নিহত হন।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে যান চলাচলে ধীরগতি দেখা দেয় এবং কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কোনাবাড়ী-নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।






