ময়মনসিংহ
বন্ধুদের সঙ্গে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর লাশ মিলল পুকুরে
ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ সদরের বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের দুই দিন পর একটি পুকুর থেকে বিজয় বর্মণ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
নিহত বিজয় বর্মণ এলাকার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মণের ছেলে। তিনি চাকরি করতেন মুক্তাগাছার একটি ওষুধের দোকানে। এক কন্যাসন্তানের জনক তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে বিজয় বন্ধুদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার সকালে বাড়ি থেকে কিছু দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, বিজয় চোলাই মদ পান করতেন এবং মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি রাতের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা তদন্ত শেষে জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন।







