গরু নিয়ে হাটে যাওয়ার পথে সড়কে ঝরল প্রাণ

গ্রাফিকস: আগামীর সময়
কোরবানির গরু বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদিন নামের (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার লালব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গাড়িতে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর গাড়িটি রেখে চালক দ্রুত পালিয়ে যান।
নিহত জয়নাল পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের রাহাতজানিপাড়া এলাকার বাসিন্দা। ঈদের আগে হাটে গরু বিক্রি করতে গিয়ে এমন মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে এখন শোক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রবিবার সকালে চাচাতো ভাই বেলাল ও বেলালের ছেলেকে নিয়ে গরু বিক্রি করতে মিনি ট্রাকে করে ইলিশিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। গাড়িটি লালব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।
এ সময় জয়নাল আবেদিন ছিটকে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর জখম হন। তার সঙ্গে থাকা অপর দুই আরোহীও আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে জয়নালের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার জন্য চালকের খামখেয়ালিপনাকে দায়ী করেছেন নিহতের ভাই ইকবাল। তার ভাষ্য, ‘চালকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
চকরিয়া থানার ওসি মনির হোসেন জানান, এই ঘটনার পর গাড়িটি জব্দ করা হয়েছে। চালককে আটকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান।






