আজ দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে উদযাপন হলো ঈদ

সংগৃহীত ছবি
দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। সকালে নামাজের মধ্য দিয়ে তাদের ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পশু কোরবানি দেওয়া হয়।
সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রতিবারের মতো এবারও একদিন আগে ঈদুল আজহা আজহা উদযাপিত হয়েছে।
চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা একদিন আগে ঈদ করে থাকেন। বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার খবরের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা পবিত্র ঈদুল আযহা উদযাপন করেন।
সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাঁহাগিরীয়া শাহ সুফি মমতাজিয়া দরবারের পীরজাদা সৈয়্যদ মাওলানা মোহাম্মদ আলী। দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এছাড়া দরবার শরীফ পরিচালিত ‘শাহসুফি মমতাজিয়া ইমাম কল্যাণ সোসাইটির’ উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় আরও দেড় শতাধিক মসজিদে পৃথকভাবে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।






