‘দলের নাম আফা, চাপাবাজ ব্রাজিল ফ্যান’

ছবি: এআই
আর্জেন্টিনার পতাকা বানানোর একটি রিলের কমেন্ট বক্সে সাজিদ হাসান লিখেন, ‘এত খরচ করার কি দরকার, সাদা কাপড়ে হারপিক দিলেই হয়ে যায়।’ ব্রাজিল সমর্থকদের কটাক্ষ করে এনামুল হক কমেন্টে লেখেন, ‘আর্জেন্টাইন সাপোর্টাররা বাপ দাদার আমল নিয়ে পড়ে থাকে না। নিজের আমল নিয়ে থাকে।’
এভাবে কথার লড়াই চলছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জুড়ে। বিশ্বকাপের আগমনী বার্তা ফেসবুকের প্রতি পরতে পরতে। পোস্ট, কমেন্ট, রিল, মিমস বিশ্বকাপ ফুটবলময়। ঝগড়া বিবাদ, আলোচনা সমালোচনা ট্রল সবই সমানে চলছে। ১১ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের।
বিভিন্ন দলের সমর্থকদের পাল্টাপাল্টি জবাবে সবার চেয়ে এগিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার ফ্যানরা। দুপক্ষের তর্ক বিতর্ক লেগেই থাকে প্রতি পোস্ট ও তার কমেন্টে। তবে এসব আলোচনার বড় একটি অংশজুড়ে রয়েছে মিম, ট্রল ও সমর্থকদের হাস্যকর কৌতুক। আর্জেন্টিনা সমর্থকের পোস্টে ব্রাজিলের খোঁচা যেমন দেখা যাবে তেমনি ব্রাজিলের পোস্টে আকাশী সাদাদের টিপ্পনিও কম নয়।
আর্জেন্টিনার জার্সি পরিহিত মালাইকা চৌধুরীর পোস্টে মোহাম্মদ মুমিন কমেন্ট করেছেন এভাবে, ‘সেভেন আপ স্বাস্থ্যের জন্য ভালো। ব্রাজিলের জন্য আরও ভালো।’ একই পোস্টে শান্ত তালুকদার এআই দিয়ে মালাইকা চৌধুরীকে ব্রাজিলের জার্সি পরিয়ে লিখেন ‘এটাতে বেশি সুন্দর লাগছে।’
কিছু কিছু রিলে দেখা যায় ব্রাজিলের পতাকার সাথে ঝুলিয়ে দেওয়া হয় সেভেন আপের বোতল। সেখানে আবার অনেক আর্জেন্টিনা ভক্তরা মজার ছলে বলছেন ব্রাজিলের সাথে সেভেন আপের সম্পর্ক ঘনিষ্ঠ।
অনেকেই আবার নিজেরা এডিট করে তৈরি করছেন কিছু মজার ছবি যেখানে লেখা থাকে বিভিন্ন হাস্যকর কথা। তেমন একটি ছবিতে আর্জেন্টিনাকে মজা করে লেখা হয়, ‘দাদা ছিল ডাকাত, বাবা ছিল চোর, ভক্তদের আছে চাপা, দলের নাম আফা। রাগ করলা?’
পিছিয়ে নয় আর্জেন্টিনা সমর্থকেরাও। ব্রাজিলের জার্সির গায়ে লেখা সিবিএফ এর পুরো মিনিং লিখেছে ‘চাপাবাজ ব্রাজিল ফ্যান।’
অন্য একটি রিলে মোহাম্মদ সাত্তার লেখেন, ‘চোখের পানি ধরে রাখার জন্য পাত্রের ব্যবস্থা করে রাখেন, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ জার্মানি। কি রাগ করলা?’ তবে ব্রাজিলের ৭-১ গোলের পরাজয় নিয়ে ট্রল সবখানে দেখা যায়। আবার নেইমারকে অভিনেতা হিসেবেও কটাক্ষ করেছেন অনেকেই।
মাঠের খেলা শুরুর আগেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দলকে নিয়ে চলছে আলোচনা, বিশ্লেষণ। কোন দল ফাইনালে খেলবে, কার হাতে উঠবে বিজয়ের সোনালি ট্রফি তা ঘিরেও চলছে ভবিষ্যদ্বাণী। কেউ বলে ব্রাজিল কেউবা আর্জেন্টিনা আবার কেউবা জার্মানি, স্পেনের পক্ষে বাজি ধরছেন ফেসবুকে।




