চট্টগ্রাম
‘ধর্ষণের’ শিকার শিশু, ‘মানসম্মানের ভয়ে’ ৭ দিন গোপন রাখলেন মা

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামে দোকানে পণ্য কিনতে গিয়ে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ দোকানিকে গ্রেপ্তার করেছে। গত ১৫ মে এ ঘটনা ঘটলেও ‘মানসম্মানের ভয়ে’ মেয়েটির পরিবার অভিযোগ করতে সাতদিন দেরি করে বলে পুলিশের ভাষ্য।
গতকাল শুক্রবার (২২ মে) রাতে নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি টেকবাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ৫৫ বছর বয়সী আশফাকুর রহমানের টেকবাজার ইব্রাহিম কলোনির সামনে একটি মুদি দোকান আছে। বাড়ি সুনামগঞ্জ জেলায় হলেও দীর্ঘসময় ধরে তিনি চট্টগ্রামে বসবাস করেন বলে তথ্য পুলিশের।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল আলম আগামীর সময়কে জানালেন, ১৫ মে রাত ৯টার দিকে শিশুটির মা তাকে দোকানে পাঠিয়েছিলেন। সেখানে একা পেয়ে আশফাকুর তাকে যৌন নির্যাতন করেন। বাসায় ফিরে মেয়েটি তার মাকে ঘটনা জানায়। কিন্তু মানসম্মানের ভয়ে তার মা বিষয়টি সাতদিন ধরে প্রকাশ করেননি।
বাকলিয়ায় এক শিশুর আক্রান্ত হওয়া নিয়ে তোলপাাড়ের পর গতকাল শুক্রবার শিশুটির মা বিষয়টি প্রকাশ করেন, এমন তথ্য মিলেছে পুলিশের কাছ থেকে।
‘শুক্রবার রাতে আমরা খবর পেয়েই দোকানে দিয়ে আশফাকুরকে গ্রেপ্তার করি। শিশুটির মা ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। আসামি ও ভিকটিমকে জিজ্ঞেস করে আমরা জানতে পেরেছি, প্রচলিত অর্থে যেভাবে ধর্ষণ ধরে নেওয়া হয়, সেভাবে শিশুটি আক্রান্ত হননি। দোকানি তাকে মারাত্মকভাবে যৌন নির্যাতন করেছে। সংশোধিত আইন অনুযায়ী সেটা এখন ধর্ষণের অপরাধ।’
দোকানি আশফাকুর রহমানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে এসআই শরীফুলের ভাষ্য।






